মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে হট্টগোল হয়েছে। এতে জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন লাঞ্ছিত হয়েছেন। গতাকাল শনিবার উপজেলার হাসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ এ সম্মেলনের আয়োজন করা হয়। বিকেল সাড়ে ৪টার দিকে সম্মেলনের দ্বিতীয় পর্বে স্কুল অ্যান্ড কলেজের দ্বিতল ভবনের একটি কক্ষে কাউন্সিলদের নিয়ে বসেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এ সময় সম্মেলনের প্রধান অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হিসেবে আহসান হাবীব ও সাধারণ সম্পাদক হিসেবে জসিম খান মুকুলের নাম ঘোষণা করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন অপর সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খানের সমর্থকরা। এতে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। হট্টগোলের মধ্যে পুলিশের পাহারায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসককে কক্ষের ভেতর থেকে বের করে আনা হয়। এ সময় তাকে স্কুল অ্যান্ড কলেজের মাঠে আনা হলে সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খানের লোকজন শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি কিংবা আওয়ামী লীগের নেতাদের লাঞ্ছিত করার মতো ঘটনা ঘটেনি। হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আইয়ুব খান বলেন, সম্মেলনের প্রথম পর্ব সুন্দরভাবেই শেষ হয়। দ্বিতীয় পর্বের শুরুতে সম্মেলনের ডেলিকেট তথা কাউন্সিলরদের একটি কক্ষে ডেকে নিয়ে যাওয়া হয়। কাউন্সিলরদের দাবি ছিল ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা। কিন্তু জেলা আওয়ামী লীগের সভাপতি একক সিদ্ধান্ত মোতাবেক সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করায় আমার সমর্থকরা প্রতিবাদ জানায়।
দুপুর সাড়ে ১২টার দিকে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম আহমেদ ভূঁইয়া। প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন ও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
