নারায়ণগঞ্জে সোহাগ নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে দীপ চৌহান (২১) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে শহরের জামতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক দীপ ফতুল্লা থানার জামতলা ধোপাপট্টির ময়নার বাড়ির ভাড়াটিয়া পুলিশের এসআই রবি চৌহানের ছেলে। এসআই রবি চৌহান রাঙ্গুনিয়া থানায় কর্মরত রয়েছেন বলে জানা গেছে। এ মাসেই তার নারায়ণগঞ্জ জেলার সিআইডিতে যোগদানের কথা রয়েছে বলে পুলিশের একটি সূত্র নিশ্চিত করেছে।
এ ঘটনায় জামতলা হাজী ব্রাদার্স রোডের মৃত হাজী ইউনুসের ছেলে ভুক্তভোগী যুবক মাজহারুল ইসলাম সোহাগ (৩৮) বাদী হয়ে আটক দীপ চৌহান ও জাহিদের (১৮) নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, রাতে দীপ নামক এক যুবককে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে সোহাগ নামক এক যুবক বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
