নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত আটটার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত দুই শিশু হল- ৭ বছর বয়সী নুসরাত জাহান নুর ও ৪ বছর বয়সী তাবাসুম তাজবিয়া। তারা একে অপরের চাচাতো বোন।
নিহত শিশুর স্বজনরা জানান, নুসরাত ভোলাব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের সন্তান ও তার ভাই মোহাম্মদ আব্দুলের মেয়ে তাবাসুম। তারা গুতুলিয়া এলাকায় একই বাড়িতে থাকতো।
বিকেলে পরিবারের অগোচরে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় দুই শিশু। পরে তাদের খোঁজাখুঁজি করে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রূপগঞ্জ থানার ভোলাব পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেছে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে দুই শিশুর মরদেহ পুকুর থেকে উঠিয়ে পাশে রাখা হয়েছে। তাদের লাশ দাফনের জন্য স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।
