জমির বিরোধে নাতিকে আটক, উদ্ধারে গিয়ে সিএনজি চালক খুন(ভিডিও)

আপডেট : ০৯ মে ২০২২, ০৪:৩৭ পিএম

জমি নিয়ে বিরোধের জের ধরে টাঙ্গাইলের নাগরপুরে প্রতিপক্ষের হামলায় মো. সুমন মিয়া (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার কাজীবাড়ি গ্রামের মোতালেব মিয়ার ছেলে।

সোমবার উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় দুজন আহত হয়েছেন। আহতরা হলেন- একই গ্রামে মো. আব্দুর রশিদ (৫৭) ও সুজন মিয়া (২২)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার মোকনা ইউনিয়নের ডাকাতমারা গ্রামের রশিদের সঙ্গে সৎ ভাই আতোয়ারের দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। সোমবার সকালে রশিদের নাতি মারুফ হোসেন (১৩) স্কুলে যাওয়া জন্য বাড়ি থেকে বের হন। এ সময় আগে থেকে রাস্তায় ওতপেতে ছিলেন আতোয়ার হোসেন (৫০)।  একপর্যায়ে আতোয়ার মারুফকে জোর করে তুলে নিয়ে তার বাড়িতে আটক রাখেন।

আরও জানা যায়, মারুফের আটকের খবর পেয়ে সিএনজি চালক সুমন ও দাদা রশিদ আতোয়ারের বাড়িতে যান। আতোয়ার ক্ষিপ্ত হয়ে রশিদ, সুমন ও সুজনকে লাঠি ও ফালা দিয়ে আঘাত করেন। এ সময় রক্তাক্ত অবস্থায় এলাকাবাসী দুজনকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত