কাজে ফিরলেন টিটিই শফিকুল: সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৫৪ পিএম

দেশব্যাপী আলোচিত ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলাম কর্মস্থলে ফিরেছেন। তাকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে স্বপদে ফিরিয়ে দেওয়ার পরদিন সোমবার তিনি নিজ দায়িত্ব পালন শুরু করেন।

পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজারের (ডিআরএম) কাছে তার কাজে যোগদানপত্র জমা দিয়ে ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে টিটিই অফিসে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, তদন্তে আমি ন্যায়বিচার চাই।

টিটিই শফিকুল ইসলাম জানান, রোববার পুনর্বহালের আদেশ হলেও আমি আনুষ্ঠানিক কোনো চিঠি পাইনি। সোমবার (৯ মে) আদেশের কপি হাত পাওয়ার পর ডিআরএম বরাবর কাজে যোগদানের আবেদন করি। আবেদন মঞ্জুর হওয়ার সঙ্গে সঙ্গেই আমি ঈশ্বরদী রেলস্টেশনে আমার নিজ অফিসে চলে আসি।

তিনি বলেন, এখনো কোনো ট্রেনের দায়িত্ব পাইনি। আশা করছি মঙ্গলবার থেকে হয়তো কোনো ট্রেনে ডিউটি পাব। ডিউটি পাওয়ার সঙ্গে সঙ্গেই আমার দায়িত্ব ও কর্তব্য যথারীতি পালন করব ইনশাল্লাহ।

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আলোচিত এই টিটিই বলেন, ‘আপনাদের (সাংবাদিক) প্রতি সারাজীবন কৃতজ্ঞ থাকব।’

এর আগে রোববার দুপুরে দেশব্যাপী আলোচিত-সমালোচিত এই ঘটনায় তদন্ত কমিটির কার্যক্রমের শুরুতে টিটিই শফিকুল ইসলামের বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়। এ দিন নিজ ক্ষমতাবলে টিটিইকে বরখাস্তের আদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করেন পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম। একই সঙ্গে তিনি বরখাস্তকারী পাকশী বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিনকে শোকজ করেন। তাকে আগামী সাতদিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

শনিবার ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। এতে পাকশী বিভাগীয় রেলওয়ে সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) সাজেদুল ইসলাম বাবুকে প্রধান এবং সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলী ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট (এসিআরএনবি) আবু হেনা মোস্তফা কামালকে সদস্য করা হয়।

গত শুক্রবার রেলমন্ত্রীর আত্মীয় পরিচয় দিয়ে বিনা টিকেটে রেল ভ্রমণকারী তিন যাত্রীকে জরিমানা করায় সাময়িক বরখাস্ত করা হয় খুলনা থেকে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেসের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) শফিকুল ইসলামকে।

বৃহস্পতিবার রাতে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে বিনা টিকিটে এসি রুমে ওঠেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের আত্মীয় পরিচয় দেওয়া ওই তিন যাত্রী। মাঝপথে তাদের বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে জরিমানা করে সাময়িক বরখাস্ত হন টিটিই শফিকুল ইসলাম। দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত