পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে: অলি আহমদ

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০৫ পিএম

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ‘আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের হামলার মুখে থানার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন আমাদের দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদ। পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে এখন নতুন করে মামলা সাজাচ্ছে তার বিরুদ্ধেই। এর মাধ্যমে পুলিশ রক্ষক হয়ে ভক্ষকের পরিচয় দিয়েছে।’ 

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব বলেন।  

সোমবার এলডিপি মহাসচিবের ওপর হামলা ও তাকে গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেওয়া বিবৃতিতে অলি আহমদ বলেন, ‘আজ (সোমবার) বিকেল ৩টার দিকে কুমিল্লার চান্দিনায় রেদোয়ান আহমেদের গাড়িতে সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পৈশাচিক এ হামলা থেকে বাঁচতে আত্মরক্ষার্থে থানায় আশ্রয় নেয়ার পর পুলিশ কর্তৃক তাকে গ্রেপ্তার দেখানোর ঘটনা কাপুরুষোচিত।’ 

তিনি বলেন, ‘রেদোয়ান আহমেদের গাড়িতে যেভাবে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে তা বর্তমান গণবিচ্ছিন্ন সরকারের আমলে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের আরো একটি ঘৃণ্য বহিঃপ্রকাশ।’

বিবৃতিতে এলডিপির মহাসচিবের গাড়িতে হামলার ঘটনায় জড়িত দুষ্কৃতিকারিদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং ড. রেদোয়ান আহমদের মুক্তি দাবি করেন অলি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত