পানিতে ডুবে ২ শিশু ও এক স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১০ মে ২০২২, ১২:৩৭ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার ভোলাব ইউনিয়নের গুতুলিয়া এলাকায় গত রবিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত দুই শিশু হলো সাত বছর বয়সী নুসরাত জাহান নুর ও চার বছর বয়সী তাবাসুম তাজবিয়া। তারা একে অন্যের চাচাতো বোন।

নিহত শিশুর স্বজনরা জানান, নুসরাত ভোলাব ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নুর মোহাম্মদের মেয়ে ও তার ভাই মোহাম্মদ আবদুলের মেয়ে তাবাসুম। বিকেলে বাড়ির পেছনে খেলতে গিয়ে পুকুরে পড়ে যায় তারা।

অন্যদিকে ২৫ ঘণ্টা চেষ্টার পর ময়মনসিংহের ত্রিশালের কানিহারী ইউনিয়নের বারইগাঁও এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে অষ্টম শ্রেণির ছাত্র মো. তামিমের (১৪) লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে গতকাল সোমবার বিকেলে তামিমের লাশ উদ্ধার করে ডুবুরি দল। এর আগে গত রবিবার দুপুরে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে তামিম নিখোঁজ হয়।

তামিম ত্রিশাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত কাউসার আলীর ছেলে। সে ত্রিশাল সরকারি নজরুল একাডেমির শিক্ষার্থী ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত