বসুন্ধরা গ্রুপের এমডির সঙ্গে ক্র্যাব নেতাদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট : ১০ মে ২০২২, ১০:৫৬ পিএম

দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যনির্বাহী কমিটি।

রবিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এমডির বাসভবনে ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের নেতৃত্বে কমিটির নেতারা সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ক্র্যাব উপদেষ্টা পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্র্যাব সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু কার্যনির্বাহী কমিটির পক্ষে সংগঠনের প্রত্যাশা লিখিতভাবে উপস্থাপন করেন।

পরে ক্র্যাবের প্রধান উপদেষ্টা শংকর কুমার দে, খায়রুজ্জামান কামাল, এস এম আবুল হোসেন, পারভেজ খান, মধুসূদন মন্ডল ও ফখরুল আলম কাঞ্চন বক্তব্য রাখেন।

তাদের বক্তব্যে উঠে আসে সাংবাদিকদের জন্য বসুন্ধরা গ্রুপের বিভিন্ন অবদানের কথা। বসুন্ধরা গ্রুপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর সবার বক্তব্য ও প্রত্যাশা গুরুত্বসহকারে গ্রহণ করেন।

তিনি ক্র্যাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বলেন, সাংবাদিকরা দেশ ও জাতির জন্য নিবেদিত থাকায় বসুন্ধরা গ্রুপও সাংবাদিকদের কল্যাণে অবদান রেখে আসছে। সৎ-নির্ভীক প্রকৃত সাংবাদিকতা বিকশিত করতে বসুন্ধরা গ্রুপ ইতিমধ্যে কয়েকটি মিডিয়া হাউস প্রতিষ্ঠা করেছে-যাতে সাংবাদিকদের কর্মসংস্থান সৃষ্টি হয়।

তিনি আরো বলেন, সাংবাদিকরা যখন যে সমস্যা বা সংকটে সহায়তা চেয়েছেন-বসুন্ধরা গ্রুপ আন্তরিকতার সঙ্গে পাশে থেকেছে। ভবিষ্যতেও যে কোনো পরিস্থিতিতে সাংবাদিকরা আমাকে পাশে পাবেন। বাংলাদেশের সাংবাদিকতা বিশ্বমানে উন্নীত হোক, সাংবাদিকরা তাদের প্রকৃত মর্যাদা লাভ করুক, ভালো থাকুক সব সাংবাদিক-এ প্রত্যাশা রাখছি।

ক্র্যাবের জন্য দ্রুততম সময়ে একটি নিজস্ব স্থায়ী কার্যালয় দেওয়ার নিশ্চয়তা দেন তিনি।

তা ছাড়া কোনো ক্র্যাবের কোনো সদস্য মারা গেলে তার পরিবারকে তিন লাখ টাকা, কেউ গুরুতর অসুস্থ বা পেশাগত দায়িত্ব পালনকালে আহত হলে ন্যূনতম ৫০ হাজার টাকা সহায়তা প্রদানেরও প্রতিশ্রুতি দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত