তুলে এনে কলেজছাত্রকে ‘বেধড়ক পেটালেন’ যুবলীগ নেতা

আপডেট : ১১ মে ২০২২, ০৪:৩২ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে এক যুবলীগ নেতার বিরুদ্ধে রাস্তা থেকে তুলে এনে মাসুক পারভেজ ইমন (২০) নামে এক কলেজছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে।

আদমপুর ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সভাপতি আনোয়ার হোসেনের বিরুদ্ধে দ্বাদশ শ্রেণির ওই ছাত্রকে পেটানোর অভিযোগ।

গত মঙ্গলবার দিবাগত রাত ১১টায় উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ গ্রামে অভিযুক্ত আনোয়ার হোসেনের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত কলেজছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগী ছাত্র মধ্যভাগ গ্রামের কবির আহমেদের ছেলে এবং মৌলভীবাজার সরকারি কলেজের ছাত্র।

চিকিৎসাধীন কলেজছাত্র ইমন ও তার পরিবারের অভিযোগ, ‘ভুক্তভোগী ছাত্রের মামা মোস্তাকার হোসেন সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছেন। মঙ্গলবার রাতে তার বাড়িতে যাওয়ার সময় উত্তরভাগ এলাকার রাস্তা থেকে আনোয়ার হোসেনের নেতৃত্বে তার ভাতিজা রুবেল আহমেদ, শালক জবলু মিয়া ও মুন্না মিয়া মিলে ইমনকে তুলে নিয়ে বেধড়ক পেটান। পরে তার বাবাকে খবর দিয়ে ছেলেকে হস্তান্তর করেন। পরিবার সদস্যরা থানা-পুলিশকে অবগত করে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুক্তভোগী ছাত্রকে ভর্তি করান। হামলাকারীরা তাকে পেটানোর সময় তার সঙ্গে থাকা নগদ টাকা ও ফোন লুটে নেন।’

আহত কলেজছাত্রের মামা প্রবাসী মোস্তাকার হোসেন বলেন, ‘ভাগনে ইমনের জখম গুরুতর। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হবে। তার প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা করা হবে।’

তবে অভিযোগের বিষয়ে বহিষ্কৃত যুবলীগ নেতা আনোয়ার হোসেন ফোনে দেশ রূপান্তরকে বলেন, ‘অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।’

আদমপুর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান আবদাল হোসেন বলেন, ‘উভয় পক্ষকে বলা হয়েছে সামাজিক বিচারের মাধ্যমে এ ঘটনার নিষ্পত্তি করে দেয়া হবে।’

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান ঘটনা জেনেছেন উল্লেখ করে বলেন, ‘থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। অভিযোগ হলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত