ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আসান্নগর এলাকায় পৃথক দুর্ঘটনায় মসজিদের ইমাম ও কলেজছাত্র নিহত হয়েছেন।
নিহতরা হলেন, শৈলকুপা উপজেলার ব্রাহিমপুর আফছার উদ্দীনের ছেলে গোলাম রহমান (৫৫) ও একই উপজেলার মহেশপুর গ্রামের ডাবলু জোয়ারদারের ছেলে অংকন জোয়ারদারের (১৯)। অংকন শৈলকুপা সরকারী কলেজের এসএসসির ২য় বর্ষে ছাত্র ছিলেন।
স্থানীয়রা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে আসান্নগর গ্রাম থেকে ইমাম গোলাম রহমান বাইসাইকেলে করে মহাসড়কে উঠছিলেন। এ সময় কুষ্টিয়াগামী একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।
স্থানীয় সংবাদকর্মী সজিবুল ইসলাম জানান, একই উপজেলার মহেশপুর গ্রামের নিজ বাড়ি থেকে বিকেলে মোটরসাইকেলে করে অংকন ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে একই স্থানে পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর পড়ে যান তিনি। তখন কুষ্টিয়াগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে ফরিদপুর নেয়ার পথে রাত ৮টায় মাগুরায় মারা যান।
ঝিনাইদহ হাইওয়ে পুলিশের ওসি মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক আটক করা সম্ভব হয়নি।
