নারায়ণগঞ্জে স্টিল মিলের দুর্ঘটনায় দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

আপডেট : ১২ মে ২০২২, ০৮:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি স্টিল মিলে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হওয়া তিন ব্যক্তির মধ্যে দুই সহোদর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এরা হলেন শামীম (৩২) ও তার ছোট ভাই নাজমুল (১৮)।

বৃহস্পতিবার সকাল ৯টায় ও বুধবার রাত ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই দুই সহোদরের মৃত্যু হয়। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

মৃত সহোদরের মামাতো ভাই মো. আনোয়ার হোসেন দেশ রূপান্তরকে  জানান, গত ৮ মে সন্ধ্যা ছয়টার দিকে রূপগঞ্জ গাউছিয়া এলাকায় একটি স্টিল মিলে বিস্ফোরণ ঘটে। এতে তারা দুজন সহ আরও এক কর্মচারী দগ্ধ হন। ওই রাতেই তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে শামীম মারা যান। আর বুধবার মধ্যরাতে মারা যান নাজমুল।

তিনি আরো জানান, তারা দুজন কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন। তাদের বাড়ি নারায়ণগঞ্জ আড়াইহাজার উপজেলার তামুরকান্দি গ্রামে। তাদের বাবার নাম মোহাম্মদ করিম।

ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. এস এম হোসেন সাংবাদিকদের জানান, শামীমের শরীরের ৪৫ শতাংশ ও নাজমুলের ৬১ শতাংশ দগ্ধ হয়েছিল। আইসিইউতে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন ভর্তি রয়েছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত