২০১৬-১৭ মৌসুমের পর থেকে চ্যাম্পিয়নস লিগে নেই আর্সেনাল। এক সময়ের ইংলিশ পরাশক্তিরা যেন নিজেদের হারিয়ে খুঁজছে। এবার কোচ মাইকেল আর্তেতার অধীনে ফের ইউরোপ শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় ফেরার স্বপ্ন দেখছে গানাররা।
তবে আর্সেনালের সেই স্বপ্নপূরণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে টটেনহাম। স্পার্সরাও স্বপ্ন দেখছে চ্যাম্পিয়নস লিগে ফেরার। তিন বছর আগে কোচ মাউরিসিও পচেত্তিনোর অধীনে প্রথমবারের মতো এই আসরের ফাইনাল খেলেছিল টটেনহাম। এই মৌসুমে খেলেছে ইউরোপা কনফারেন্স লিগে।
আর্সেনাল ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে চলতি প্রিমিয়ার লিগের তালিকার চারে থাকলেও অস্বস্তিতে আর্তেতা। কারণ সমান ম্যাচে চেয়ে এক পয়েন্ট কম নিয়ে তাদের ঘাড়ে নিশ্বাস ফেলছে টটেনহাম। সেরা চার দল সরাসরি জায়গা করে নেবে চ্যাম্পিয়নস লিগে। আর পাঁচে থাকা দলের স্থান হবে ইউরোপা লিগে।
তার মধ্যে নিজেদের মাঠে অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ১০ জনের দল হয়ে পড়া আর্সেনালকে ৩-০ গোলে উড়িয়ে আর্তেতার অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে টটেনহাম। গানারদের চ্যাম্পিয়নস লিগ এখন শঙ্কায়। লিগে তাদের বাকি আছে আর দুই। স্পার্সদেরও বাকি দুই ম্যাচ।
তবে আর্সেনালকে লড়তে হবে নিউক্যাসল ও এভারটনের বিপক্ষে। আর আন্তনিও কন্তের শিষ্যরা খেলবে অপেক্ষাকৃত দুই সহজ প্রতিপক্ষ বার্নলি ও নরউইচ সিটির বিপক্ষে। গানাররা হোঁচট খেলেই সেরা চারে জায়গা করে নেবে স্পার্সরা।
লিগের শীর্ষ দুই দল ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত হয়ে গেছে আগেই। ৭০ পয়েন্ট নিয়ে তিনে থাকা চেলসিও এই আসর প্রায় নিশ্চিত। চতুর্থ স্থানের জন্য লড়াই এখন আর্সেনাল ও টটেনহামের মধ্যে।
