অনলাইন এবং ডাকযোগে ভূমি সেবাকে গুরুত্ব দিয়ে চলতি মাসে পাঁচ দিনের ‘ভূমি সেবা সপ্তাহ’ উদযাপন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি ব্যবস্থাপনায় জনসচেতনতা বাড়াতে এবং হয়রানি কমিয়ে এ কাজে দক্ষতা ও গতিশীলতা আনতে মন্ত্রণালয় সেবা সপ্তাহের এই আয়োজন করেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৯ থেকে ২৩ মে ‘ভূমি অফিসে না এসেই ডিজিটাল ভূমি সেবা গ্রহণ’ প্রতিপাদ্যে দেশের আট বিভাগে 'ভূমি সেবা সপ্তাহ-২০২২' উদযাপন করা হবে।
এবার '১৬১২২ নম্বরে কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবা' এবং 'ডাকযোগে ভূমিসেবা' বিষয় দুটিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করবেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।
দেশের ৬৪ জেলা এবং ৫০৭ উপজেলার রাজস্ব সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে এই সপ্তাহ উদযাপন করা হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভূমি সেবা সপ্তাহে দেশের প্রতি জেলা, উপজেলা ও ইউনিয়নের সংশ্লিষ্ট ভূমি অফিস, স্থানীয় সম্মেলন কক্ষ কিংবা সুবিধাজনক স্থানে ক্যাম্প করে সেবা বুথ থাকছে। ওই বুথে অগ্রাধিকার ভিত্তিতে সেবাগ্রহীতারা ভূমি বিষয়ে নানা ধরনের পরামর্শ পাবেন এবং কী কী ভূমি সেবা আছে সে সম্পর্কেও জানতে পারবেন।
