কুড়িগ্রামের ফুলবাড়ীতে বজ্রপাতে রহিম বাদশা নামের এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরের দিকে উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার কামালপুর বটতলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও একজন শ্রমিক আহত হন।
নিহত শ্রমিক ওই এলাকার আবুল কাশেমের ছেলে। আহত মতিয়ার রহমান একই এলাকার কামাল উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত রহিম বাদশাসহ ১০ থেকে ১২ জন ধান কাটা শ্রমিক ওই এলাকার আবু বক্কর সিদ্দিকের বোরো ধান কাটা চুক্তি নিয়ে ক্ষেতে যান। ধান কাটা শেষ করে ধানের আঁটিগুলো তোলার সময় হঠাৎ বজ্রসহ প্রচণ্ড বৃষ্টি হলে জমিতে অচেতন হয়ে পড়েন রহিম বাদশা। আহত হন মতিয়ার রহমান।
পরে স্থানীয় লোকজন উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে পথেই শ্রমিক রহিম বাদশার মৃত্যু হয়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
