ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

আপডেট : ১৫ মে ২০২২, ০২:০১ এএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পর্যায়ের কিছু শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বেলা ১১টার দিকে দুই কলেজের মধ্যবর্তী সায়েন্স ল্যাবরেটরি মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফাহিম ও অনিম নামে ঢাকা কলেজের দুই শিক্ষার্থী আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান দেশ রূপান্তরকে বলেন, ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের দুই ছাত্র একই মেয়েকে ভালোবাসে। ওই দুই ছাত্র পরস্পর বন্ধুও। দুজনের বাড়িই বরিশাল। প্রেমিকাকে নিয়ে তাদের দুজনের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে সংঘর্ষ বাধে। তবে বড়ো আকার ধারণ করার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।  

ঢাকা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অধ্যাপক এ টি এম মইনুল হোসেন দেশ রূপান্তরকে বলেন, দুই কলেজের ইন্টারমিডিয়েটের ছাত্রদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আমাদের তিন ছাত্র আহত হয়েছে শুনেছি। তবে তাদের অবস্থা গুরুতর নয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত