কাশিয়ানীতে নির্বাচন অফিসে আগুনে পুড়ল মূল্যবান কাগজপত্র

আপডেট : ১৫ মে ২০২২, ১০:০০ এএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে উপজেলা নির্বাচন অফিসে রবিবার ভোরে আকস্মিকভাবে আগুন ধরে যায়। এ সময় নিচতলার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়।

জানা গেছে, প্রতিদিনের মত অফিসের কাজ শেষ করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিস তালা দিয়ে চলে যান।

রবিবার ভোরে স্থানীয়রা উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফিরছিলেন। এ সময় উপজেলা সমবায় অফিসার আব্দুর রহমান ছিলেন তাদের সঙ্গে। প্রথমে তারা ধোয়ার গন্ধ পান এবং দেখতে পান উপজেলা নির্বাচন অফিসের নিচতলায় আগুন লেগেছে।

সমবায় অফিসার আব্দুর রহমান তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসানকে অবগত করেন। এরপর তিনি ফোন করলে গোপালগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান বলেন, আগুন ধরার কারণ এখন পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারিনি। তবে তিনি আশঙ্কা করছেন ইভিএম মেশিনের ব্যাটারি থেকে বা ইলেকট্রিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।

কেমন ক্ষয়ক্ষতি হয়েছে তা জেলা নির্বাচন কর্মকর্তা নিরূপণ করে আমাদের রিপোর্ট করবেন বলে তিনি জানান।

সংবাদ পেয়ে জেলা নির্বাচন অফিসার মো. ফয়জুল মোল্যা ঘটনাস্থলে আসেন।

তিনি জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালামাল রক্ষা পেয়েছে।

তিনি আরও জানান, এটি শুধু দুর্ঘটনা কিনা তা অনুসন্ধান করে দেখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত