মহেশখালীতে কোটি টাকার ফেরি চুরি করে ভাঙ্গারি দোকানে বিক্রি

আপডেট : ১৫ মে ২০২২, ০৬:২৭ পিএম

কক্সবাজারের মহেশখালীতে কোটি টাকা মূল্যের ফেরি লুট করে টুকরো টুকরো করে ভাঙ্গারি দোকানে বিক্রি করার অভিযোগ উঠেছে।

একটি সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে এই অভিযোগ ওঠার পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত মুসলিম উদ্দিন নামে একজনকে আটক করেছে।

মহেশখালী থানার পরিদর্শক(তদন্ত) আশিক ইকবাল এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত দেড় মাস ধরে চকরিয়া উপজেলার বদরখালীর সাতডালিয়া সাইটে পানি উন্নয়ন বোর্ডের কাজ ব্যবহার হচ্ছিল ফেরিটি। কিন্তু গত ১ মে বদরখালী থেকেই ফেরিটি ভাড়া নেওয়ার নামে একটি চক্র নিয়ে যায় মহেশখালী উপজেলার ছোট মহেশখালীতে। সেখানে নদীর পারে ফেরিটি টুকরো টুকরো করে কেটে চট্টগ্রাম ও মহেশখালীর বিভিন্ন ভাঙ্গারি দোকানে বিক্রি করা হয়।

খবর পেয়ে ফেরির মালিক নোয়াখালীর বাসিন্দা আনোয়ার মাসুদের কর্মচারী মো. আহাদ বাদী হয়ে মহেশখালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।

পরে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে কক্সবাজারে উখিয়ার বাসিন্দা মুসলিম উদ্দিন নামে একজনকে গ্রেপ্তার করে এবং ফেরির টুকরো টুকরো বেশ কিছু মালামাল ঘটনাস্থল ও ভাঙ্গারি দোকান থেকে উদ্ধার করে বলে জানা যায়।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ফেরি লুট করে বিক্রির ঘটনায় একটি মামলা হয়েছে। উক্ত ফেরির টুকরো টুকরো বেশ কিছু মালামাল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আরও কিছু মালামাল বিভিন্ন  ভাঙ্গারির দোকানে বিক্রি করা হয়েছে।  তাও উদ্ধারের  তৎপরতা চলছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত