শ্বশুর বাড়ির আপত্তির মুখে সন্তান নেয়ায় নবজাতককে হত্যার অভিযোগ

আপডেট : ১৫ মে ২০২২, ০৭:২৪ পিএম

নারায়ণগঞ্জে শ্বশুর বাড়ির লোকজনের আপত্তির মুখে সন্তান নেয়ায় নবজাতক শিশুকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রবিবার শিশুটির নানা ফকির চাঁন শেখ বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৪ বছর আগে ফতুল্লা থানার রুশেন হাউজিংয়ের শাহ আলমের পুত্র শামীমের (৩০) সাথে বাদীর মেয়ে মুক্তা আক্তারের (২৩) বিয়ে হয়। বিয়ের পর থেকে মেয়ের শাশুড়ি নাসিমা বেগম ও ভাশুর শাহিনসহ শ্বশুর বাড়ির লোকজন সন্তান না নেওয়ার জন্য মুক্তা আক্তারকে চাপ দিয়ে আসছিল। তাদের আপত্তি উপেক্ষা করে ওই নারী গর্ভে সন্তান নেয়। গত ১০ মে রাত নয়টায় নারায়ণগঞ্জ শহরের মেডি হোপ ক্লিনিকে বাদীর মেয়ের গর্ভে একটি ছেলে সন্তান জন্ম নেয়। ক্লিনিক কর্তৃপক্ষ তিন দিন পর মা ও সন্তানকে ক্লিনিক থেকে ছাড়পত্র প্রদানসহ চিকিৎসা শেষে বাসায় পাঠিয়ে দেয়।

অভিযোগে বলা হয়, রবিবার ভোর সাড়ে ৫ টার দিকে বাদীর মেয়ে তাকে ফোন করে জানায়, নবজাতক ছেলে সন্তানটি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে মাতুয়াইল শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংবাদ পেয়ে হাসপাতালে ছুটে গিয়ে জানতে পারে যে শিশু সন্তানটি মারা গেছে এবং বাসায় নিয়ে গিয়ে কাউকে কিছু না বলে অতি গোপনে দ্রুততার সাথে দাফন সম্পন্ন করে ফেলা হয়েছে।

বাদী মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে শিশুটির মৃত্যুর কারণ জানতে চাইলে কোন সন্তোষজনক উত্তর না দিয়ে উল্টো মারধর করে বাসা থেকে তাকে বের করে দেয়া হয়। বাদী তার অসুস্থ মেয়ের সাথে দেখা করতে চাইলেও তাকে দেখা করতে দেওয়া হয়নি। বাদীর ধারণা পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা শিশুটিকে কৌশলে হত্যা করেছে।

অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আরিফ পাঠান দেশ রূপান্তরকে জানান, লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের বিষয়টি প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত