উন্নত প্রশিক্ষণের জন্য ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালে রংপুরের চার নারী ফুটবলারকে পাঠাচ্ছে বাংলাদেশ ক্রীড়া পরিষদ। আর তাদের পাশে বিভিন্ন অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম নিয়ে এগিয়ে এসেছেন রংপুর জেলার সাবেক পুলিশ সুপার ডিএমপির তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার। পাশাপাশি সদ্যপুস্করিণী যুব স্পোটিং ক্লাবের সব সদস্যের জন্য খেলাধুলা ও প্রশিক্ষণের অত্যাধুনিক ক্রীড়া সরঞ্জাম পাঠিয়েছেন তিনি।
রবিবার (১৫ মে) সন্ধ্যায় সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের নয়াপুকুর মিনি স্টেডিয়াম মাঠে নারী ফুটবলাদের হাতে এসব সরঞ্জাম তুলে দেওয়া হয়। বিপ্লব কুমার সরকারের পক্ষে সরঞ্জামগুলো তুলে দেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
বর্তমানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি তেজগাঁও হিসেবে কর্মরত রয়েছেন বিপ্লব কুমার। রংপুরে দায়িত্ব পালনের সময় বিভিন্নভাবে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। এর আগে পালিচড়ার ওই নারী ফুটবলারদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তৎকালীন এসপি বিপ্লব কুমার সরকার। বদলি হয়ে ঢাকা চলে গেলেও ক্রীড়ামোদী বিপ্লব কুমার সেই নারী ফুটবলারদের কথা ভোলেননি। তাদের জন্য উন্নত প্রশিক্ষণের সব ধরনের সরঞ্জাম পাঠিয়েছেন তিনি।
ক্রীড়া সরঞ্জাম পেয়ে নারী ফুটবলার নাসরিন বেগম বলেন, স্যার রংপুরে থাকাকালীন আমাদের সব সময় সহযোগিতা করেছেন। আমাদের দুই ফুটবলারের পায়ের লিগামেন্ট অপারেশনও করিয়ে দিয়েছেন তিনি।
আরেক নারী ফুটবলার রুমি বেগম বলেন, বিপ্লব স্যার বিভিন্ন সময় আমাদের জন্য উপহার পাঠায়। স্যার ঢাকায় বদলী হয়ে গিয়েছেন তবু আমাদের কথা মনে রেখেছেন। আমাদের ক্লাবের উন্নয়ন এবং ফুটবল খেলতে তিনি বারবার অনুপ্রাণিত করে যাচ্ছেন।
নারী ফুটবলারদের প্রধান প্রশিক্ষক মিলন মিয়া বলেন, বিপ্লব স্যার নাসরিন ও রুমির লিগামেন্ট অপারেশনের ব্যবস্থা করেছেন। এতে করে গত বছর নাসরিন জাতীয় পর্যায়ে ভালো পারফরম্যান্স করে দলকে জিতিয়েছে। এবার নারী খেলোয়াড়দের প্রশিক্ষণে অত্যাধুনিক সরঞ্জাম পাঠিয়ে দিলেন তিনি।
ক্রীড়া সরঞ্জাম বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন। তিনি বলেন, সাবেক পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার স্যারের পক্ষ থেকে ক্লাবের খেলোয়াড়দের জন্য পাঠানো উন্নত প্রশিক্ষণের জন্য জার্সি, বুট, মার্কার কোন,ফাস্ট এইড, আইসবক্স, হার্ডেল, বিফস্সহ আধুনিক খেলার সরঞ্জাম সামগ্রী হস্তান্তর করা হলো।
তিনি বলেন, এর আগেও তার উদ্যোগে ঢাকায় স্ট্রাইকার নাসরিন ও রুমির লিগামেন্টের অপারেশন করানো হয়েছে। নাসরিন সুস্থ হলেও রুমি এখনও পুরোপুরি সুস্থ নয়। কিছু দিনের মধ্যে ঢাকায় আবারও রুমির অপারেশন করানোর ব্যবস্থা করবেন তিনি।
প্রসঙ্গত, ২০২১ সালের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালিকা অনূর্ধ্ব-১৭ দলের প্রতিভাবান ৪০ খেলোয়াড়কে বিকেএসপিতে দুই মাসব্যাপী উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়। এর মধ্যে থেকে ১৬ জন খেলোয়াড়কে ইউরোপের যে কোনো দেশে অধিকতর উন্নত প্রশিক্ষণের জন্য পাঠাতে প্রাথমিকভাবে নির্বাচিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণলয়।
