গ্রামের মানুষকে সুফল দিতে টিসিবির ট্রাকে পণ্য বিক্রি স্থগিত: বাণিজ্যমন্ত্রী

আপডেট : ১৬ মে ২০২২, ০৬:০০ পিএম

গ্রামের মানুষকে সুফল দিতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাকে পণ্য বিক্রি স্থগিত হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, ট্রাকে করে ন্যায্যমূল্যের পণ্য বিক্রিতে সুফল পায় কেবল শহরের মানুষ। গ্রামের মানুষকে সেই সুফল দিতে জুনের শুরু থেকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি মানুষের কাছে কম দামে পণ্য বিক্রি করা হবে। 

বাণিজ্যমন্ত্রী বলেন, ঢাকায় ট্রাকে করে দেওয়া হয় ১৫ লাখ মানুষকে। বাকি ৮৫ লাখ দরিদ্রের কার্ড থাকে, তাদের দেওয়া হয়। ইনস্ট্রাকশনটা এসেছে এবং আমরাও রি-অ্যারেন্জ করেছি। 

ঢাকা ও বরিশালে কারা ফ্যামিলি কার্ডে পণ্য পাবে, সেই তালিকা আগামী দু সপ্তাহের মধ্যে তৈরি করে জুনের শুরু থেকেই এক কোটি মানুষকে পণ্য দেওয়ার পরিকল্পনা জানিয়ে টিপু মুনশি বলেন, এই ১৫ দিন আমরা পিছিয়ে গেছি, আসলে আরো বেশি অ্যাডভ্যান্স হওয়ার জন্য। আমরা এক কোটি মানুষকে টিসিবির পণ্য দিয়েছি দুবার। আমাদের মাথায় আছে এক কোটি মানুষকে দেওয়া রেগুলার করব।

টিসিবি আগে জানিয়েছিল, ১৬ মে থেকে সারাদেশে সব মহানগরী, জেলা ও উপজেলায় ৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হবে।

এবার টিসিবির ট্রাক সেলে ১১০ টাকায় প্রতি লিটার সয়াবিন তেল বিক্রির কথা ছিল। 

পরে এক আদেশে বলা হয়, ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিতরণ বাস্তবায়নের জন্য চলতি মাসের ১৬ থেকে ৩০ মে পর্যন্ত স্বল্প পরিসরে সাধারণ ট্রাকসেল কার্যক্রম বাদ দেওয়া হয়েছে। আগামী জুন মাসে ফ্যামিলি কার্ডের মাধ্যমে এক কোটি নিম্ন আয়ের পরিবারকে টিসিবি ভর্তুকি মূল্যে ভোজ্য তেল, মশুর ডাল, চিনি দেবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত