দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ভুট্টা চুরির অপবাদ দিয়ে এক মানসিক প্রতিবন্ধীকে নির্যাতনের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তের বিচারের দাবিতে ২ ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।
গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় নিহতের বড় ভাই নুর ইসলাম বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন। এর আগে বিকেলে ৪টা থেকে ৬টা পর্যন্ত বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে স্থানীয় এলাকাবাসী। পরে অভিযুক্তের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে অবরোধ তুলে নেয় এলাকাবাসী।
গতকাল সকাল ৮টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের প্রসাদপাড়া গ্রামের মৃত আব্দুর রফিক খার মানসিক প্রতিবন্ধী ছেলে নজরুল ইসলাম (৪০)।
নিহতের বড় ভাইয়ের মামলায় অভিযোগে বলা হয়, গত শুক্রবার সকাল ১১টায় নজরুল ইসলাম পার্শ্ববর্তী রাঙ্গালীপাড়া এলাকায় মানুষের ভুট্টা ক্ষেতে ফেলে যাওয়া ভুট্টা কুড়িয়ে বাসায় ফিরছিলেন। পথিমধ্যে তাতিপাড়া আমবাগান এলাকায় এলে একই এলাকার আব্দুল হানিফার পুত্র ইয়াসিন তার ক্ষেত থেকে ভুট্টা চুরির অভিযোগে তাকে মারধর শুরু করে। একপর্যায়ে নজরুল বাড়িতে এসে লুকিয়ে পড়লে ইয়াসিন বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে আহত অবস্থায় ফেলে চলে যায়। পরে নিহতের মা ঘটনাটি এলাকাবাসীকে জানালে তারা তাৎক্ষণিক স্থানীয় ঝাড়বাড়ী বাজারের পল্লী চিকিৎসকের কাছ থেকে চিকিৎসার ব্যবস্থা করে। অবস্থার অবনতি হলে রবিবার বিকেলে তাকে দিনাজপুর এমন আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। গতকাল সোমবার সকাল ৮টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, নিহত নজরুল ইসলামের মরদেহ দুপুরে তার বাড়িতে আনা হয়। এসময় এলাকাবাসী অভিযুক্ত ইয়াসিনের শাস্তির দাবিতে ঝাড়বাড়ী বাজারে সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেয়।
ওসি আরও বলেন, বিকেলে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের বড় ভাইয়ের অভিযোগটি তদন্ত করা হচ্ছে।
