বাগেরহাটে অবৈধ মজুতদার ব্যবসায়ীদের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার বিকেলে রামপাল উপজেলার গিলাতলা বাজারের মেসার্স ফাতেমা স্টোরে অভিযান চালিয়ে তার ঘরে মজুত করে রাখা ৬০০ লিটার ভোজ্যতেল উদ্ধার করে।
অবৈধ মজুতের অভিযোগে ওই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ। পরে ওই তেল সাধারণ ক্রেতাদের মাঝে ১৬০ টাকা লিটার দরে বিক্রি করে দেওয়া হয়।
গত এক সপ্তাহে বাগেরহাটের বিভিন্ন বাজারের ব্যবসায়ীদের গুদাম ও দোকান থেকে ৯ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাট কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) আব্দুল্লাহ আল ইমরান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং এর নিয়মিত কার্যক্রম চলমান রয়েছে। বিশেষ করে ভোজ্যতেলের বাজার স্বাভাবিক রাখার জন্য অভিযান চলছে।
গত এক সপ্তাহে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নয় হাজার লিটার তেল ও নগদ এক লাখ ৬০ হাজার টাকা জরিমানা করি। উদ্ধার হওয়া যেসব বোতলজাত তেল বেশি লাভের আশায় ব্যবসায়ীরা মজুত করে রাখে তা ১৬০ টাকা লিটার দরে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করেছি। আমাদের এই অভিযান চলমান থাকবে।
