মধ্যাহ্নভোজ থেকে ফিরে দ্রুত ৩ উইকেট হারাল বাংলাদেশ

আপডেট : ১৭ মে ২০২২, ০২:০৫ পিএম

মধ্যাহ্নভোজ থেকে ফিরেই দ্রুত তিন উইকেট হারাল বাংলাদেশ। এবার নাজমুল হোসেন শান্তর (১) পর বিদায় নিলেন অধিনায়ক মুমিনুল হক (২)।  

দুজনকে সাজঘরে ফেরান মিডিয়াম পেসার কাসুন রাজিথা। দ্বিতীয় দিন মাথায় আঘাত পাওয়া বিশ্ব ফার্নান্দোর ‘কনকাশন’ বদলি হিসেবে তৃতীয় দিনে মাঠে নামেন তিনি। দ্রুত তিন টপ-অর্ডার বিদায় নিলেও একাই লড়াই চালিয়ে যাচ্ছেন ওপেনার তামিম ইকবাল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ৬৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯২ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম (১২০) ও মুশফিকুর রহিম (০)। বাংলাদেশ এখনো পিছিয়ে আছে ২০৫ রান।

বিনা উইকেটে ১৫৭ রান নিয়ে প্রথম সেশন শেষ করে বাংলাদেশ। তবে দ্বিতীয় সেশনের দ্বিতীয় ওভারে টাইগারদের প্রথম উইকেট হিসেবে আশিথা ফার্নান্দোর বলে উইকেটরক্ষক নিরোশান দিকভেলার গ্লাভসবন্দী হন মাহমুদুল হাসান জয়। টাইগার ওপেনারের ১৪২ বলে ৫৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৯ চারে। টেস্টে এটি তার দ্বিতীয় ফিফটি।

এরপর ক্যারিয়ারের ৩২তম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন তামিম। ৩৫ রান নিয়ে দিন শুরু করেন তিনি। আর জয় নামেন ৩১ রান নিয়ে। আগেরদিন ১৯ ওভারে ৭৬ রান নিয়ে দিন পার করেছিল বাংলাদেশ।

টেস্ট ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি পেলেন তামিম। সেই সঙ্গে বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের মালিকও হলেন এই ড্যাশিং ওপেনার। চট্টগ্রাম টেস্ট খেলতে নামার আগে ৬৫ টেস্টে তামিমের রান ছিল ৪৮৪৮। তার চেয়ে ৮৪ রানে এগিয়ে ছিলেন মুশফিক। ৮১ টেস্টে তার রান ৪৯৩২ রান। লঙ্কানদের বিপক্ষে প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পথে মুশিকে টপকে গেলেন তামিম।

আর মাহমুদুল হাসান জয়ের সঙ্গে শতরানের জুটি গড়ে টাইগারদের আরেকটি অপেক্ষা ঘোচালেন তিনি। পাঁচ বছর পর টেস্টে ওপেনিংয়ে শতরানের জুটির দেখা পেল বাংলাদেশ।

অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৯৯ এবং দিনেশ চান্দিমালের ৬৬ রানের সুবাদে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে করে ৩৯৭ রান। টাইগারদের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন স্পিনার নাঈম হাসান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত