সিলেটে মিছিল থেকে জামায়াত-শিবিরের হামলায় ২ পুলিশ আহত

আপডেট : ১৭ মে ২০২২, ০৬:৪৩ পিএম

সিলেট নগরীতে জামায়াত-শিবিরের মিছিল থেকে পুলিশের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

হামলায় আহত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ ও উপপরিদর্শক নিশু লাল দে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ সময় মিছিল থেকে দুজনকে আটক করে পুলিশ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মঙ্গলবার দুপুর ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় এ ঘটনা ঘটে।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বি এম আশরাফ উল্যাহ তাহের এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বেলা ২টার দিকে নগরীর জেলরোড এলাকায় জামায়াত-শিবিরের কর্মীরা লাঠিসোটা নিয়ে মিছিল বের করে। খবর পেয়ে জনদুর্ভোগ নিরসনে কোতোয়ালী থানা ও বন্দরবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মিছিল করতে বাধা দেয়।

তিনি বলেন, দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালায়। এতে কোতোয়ালী থানার ওসিসহ দুজন আহত হয়েছেন।

পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে আটক করলেও তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত