স্বাধীনতার ৫১ বছর পর হলেও আজকের সরকার ৭১ পূর্ববর্তী সরকারের মতো নিপীড়নমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেছেন, দেশের সাধারণ নাগরিকদের কোনো অধিকার নেই, সম্মান নেই। সকল অধিকার ভোগ করছে ক্ষমতাসীন এবং তাদের দোসররা।
শুক্রবার বিকেল সাড়ে ৪টায় বরিশাল নগরের বান্দরোড সংলগ্ন বঙ্গবন্ধু উদ্যানে (বেল্স পার্ক) অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতা পরবর্তী যারাই ক্ষমতায় এসেছে, সবাই জনগণের স্বপ্নকে গলাটিপে হত্যা করেছে। সবাই জনগণের সাথে অঙ্গীকার ভঙ্গ করেছে। গণমানুষের সাথে প্রতারণা করেছে। শাসক শ্রেণির এসব কর্মকাণ্ডের ফলে স্বাধীনতা আজ অর্থহীন হয়ে পরেছে।
এ সময়, ইসলামিক আদর্শে রাষ্ট্রগঠনের লক্ষ্যে ১৫ দফা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
চরমোনাই পির আরও বলেন, কথিত ‘গণকমিশন’ কর্তৃক দেশের ১১৬ জন আলেম ও ১০০০ মাদ্রাসার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। যারা এটি করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না।
দলের সিনিয়র নায়েবে আমির, মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম (শায়েখে চরমোনাই) এর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমেদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি হজরত মাওলানা নুরুল হুদা ফয়েজী, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, কেন্দ্রীয় দাওয়াহ বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক বেলায়েত হোসেন, কেন্দ্রীয় দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, সহ অর্থ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম আল আমীন, ইসলামী যুব আন্দোলনের সাধারণ সম্পাদক জেনারেল আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি সৈয়দ জিয়াউল করীম, বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি হেদায়েতুল্লাহ আজাদী, বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ হুমায়ুন কবির প্রমুখ।
