জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আ স ম আবদুর রব বলেছেন, কাউকে সেতু থেকে ‘টুস’ করে ফেলে দেওয়ার নির্দেশ সরকার দিতে পারে না। পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সরকারের বক্তব্য জনগণের আনন্দকে মাটিতে মিশিয়ে দিয়েছে।
গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জেএসডি সভাপতি রব বলেন, ‘সমালোচনার জবাব কোনোভাবেই মৃত্যুদন্ড হয় না। সমালোচনা ও মৃত্যুদ- সমকক্ষ নয়। আদালতও কাউকে সেতু থেকে “টুস” করে ফেলে দেওয়ার নির্দেশ দিতে পারেন না, সরকার তো দূরের কথা। আর রাষ্ট্র কোনো নাগরিকের মর্যাদাও ক্ষুণœ করতে পারে না। মর্যাদা ক্ষুণœ করা রাষ্ট্রের এখতিয়ারবহির্ভূত।’ তিনি বলেন, ‘নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মিত হয়েছে পারাপারের জন্য। জনগণকে ফেলে দেওয়ার জন্য নয়। এটি একটা সেতু, ফায়ারিং স্কোয়াডের ন্যায় শাস্তি প্রয়োগের কোনো স্থাপনা বা বধ্যভূমি নয়।’
