নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভায় ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে হামলা-ভাঙচুরের অভিযোগ উঠেছে। হামলায় বিএনপির কর্মিসভা পন্ড হয়ে যায়। গতকাল শনিবার দুপুরে উপজেলার ভুলতা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাঝিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন অভিযোগ করেন, এদিন বিকেল ৪টায় ভুলতা ইউনিয়ন বিএনপির কর্মিসভার আয়োজন করা হয়। সভার জন্য স্টেজ, প্যান্ডেল ও চেয়ার-টেবিল এনে সাজানো হয়। দুপুরের দিকে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কর্মিসভার প্যান্ডেল ও চেয়ার-টেবিল ভাঙচুর করে।
ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভূঁইয়া অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা তার বাড়িঘরে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর এবং নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুটপাট করে। এ সময় হামলাকারীরা তাকেসহ প্রায় ২৫ জনকে পিটিয়ে আহত করে।
অভিযোগের বিষয়ে উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, ‘এখানে বিএনপি দুই ভাগে বিভক্ত। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও কমিটি নিয়ে দুই গ্রুপের মাঝে কথা-কাটাকাটি ও মারপিট হয়েছে বলে শুনেছি। এ ঘটনার সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের সংশ্লিষ্টতা নেই।’
রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, ‘এ ধরনের কোনো ঘটনা আমাদের জানা নেই।’
