খুলনা মহানগরীর গল্লামারীর ময়ূর নদে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ময়ূর নদের ওপর সেতুতে ‘বৃহত্তর আমরা খুলনাবাসী’র ব্যানারে এই মানববন্ধন হয়।
এ সময় বক্তারা বলেন, গত বছরের সেপ্টেম্বরে কেসিসি খুলনা মহানগরীর ময়ূর নদসহ ২২ খাল পুনরুদ্ধারে অভিযান পরিচালনা করলে তা করোনার কারণে বন্ধ হয়ে যায়। আর এই সুযোগে কেউ কেউ নতুন করে খাল দখল করেছে। ময়ূর নদসহ ২২টি খাল নানাভাবে দখল হয়ে যাওয়ায় নগরীর জলাবদ্ধতা সমস্যা তীব্র হয়েছে। এর মধ্যে সাহেবখালী খাল, বাটকেমারী খাল, ছড়িছড়া খাল, ময়ূর নদ, মন্দার খাল, হরিণটানা খাল, তালতলা খাল, তমিজ উদ্দিন খাল, মতিয়াখালী খাল, খুদে খাল, নারকেলবাড়িয়া খাল, ছোট বয়রা শ্মশানঘাট খাল ও মজুমদারের খাল ৮০ থেকে ৯০ শতাংশ দখল হয়ে গেছে।
