নারায়ণগঞ্জের রূপগঞ্জে জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকনের বাড়িতে সশস্ত্র হামলার অভিযোগ পাওয়া গেছে। খোকনের দাবি, হামলাকারীরা ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মী। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলি বর্ষণের শব্দ পাওয়া গেছে।
রোববার (২২ মে) সন্ধ্যায় মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে নেতাকর্মীরা চলে যাওয়ার পর এ হামলা চালানো হয় বলে অভিযোগ। এ সময় সেখানে অবস্থান করা বিএনপি নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। তাৎক্ষণিক আহতদের তথ্য পাওয়া যায়নি। হামলার সময় খোকন বাড়ি ছিলেন না।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন জানান, আমরা আমাদের মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলন শেষে ফেরার সময় এ হামলা চালানো হয়। খোকনের বাড়ি ঘেরাও করে গুলি বর্ষণ, ভাঙচুর করা হয়। এ সময় তাদের বাধা দিতে গেলে আমাদের নেতাকর্মীরা আহত হয়।
জেলা যুবদলের আহ্বায়ক গোলাম ফারুক খোকন জানান, এ ধরনের ন্যক্কারজনক হামলার নিন্দা জানানোর ভাষা নেই। আমাদের দলের কাউন্সিল করতে গেলেও হামলা হচ্ছে। একদলীয় শাসন পাকাপোক্ত করতে এ অপচেষ্টা কখনো সফল হবে না।
তার অভিযোগ, তাদের সম্মেলনের চেয়ার টেবিল ও স্টেজ ভাঙচুর করে ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় পুরো এলাকায় সাধারণ মানুষের মাঝে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয়।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানান, আমাকে কেউ জানায়নি। এমন কোনো ঘটনা ঘটেছে বলে আমার জানা নেই।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন বলেন, এ হামলার ঘটনায় ছাত্রলীগ ও যুবলীগের কেউ সংশ্লিষ্টতা নেই। বিএনপির দুই গ্রুপের কোন্দল নিয়ে নিজেদের মধ্যে সংঘর্ষ লেগে আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা চলছে।
