ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ছাত্রদলের দুই কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে। রবিবার রাত ৮টার দিকে টিএসসির জনতা ব্যাংকের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জনতা ব্যাংকের সামনে দাঁড়িয়ে ছিলেন জহুরুল হক হল ছাত্রদলকর্মী আতিক মোর্শেদ। এ সময় ছাত্রলীগের ২০-২৫ জন নেতাকর্মী এসে তাকে মারধর শুরু করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সদস্য মানসুরা আলম তাকে উদ্ধার করতে গেলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকেও হেনস্তা করেন।
মানসুরা আলম বলেন, আমরা টিএসসিতে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম। এ সময় ছাত্রলীগের ২০-২৫ নেতাকর্মী এসে আতিকের ওপর হামলা করে। তারা তাকে কিল, ঘুষি, চড়-থাপ্পড় ও হেলমেট দিয়ে মারতে থাকে। তাকে উদ্ধার করতে গেলে আমাকেও হেনস্তা করে ছাত্রলীগের নেতাকর্মীরা।
আতিক মোর্শেদ বলেন, হঠাৎ করে বিভিন্ন হলের ছাত্রলীগের নেতাকর্মীরা আমার ওপর হামলা চালায় মারধর করে। মানসুরা আপু এগিয়ে এলে তার ওপরও হামলা করে।
ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ছাত্রদল যে ধরনের ভাষায় রাজনীতির চেষ্টা করছে, তা বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক পরিবেশের বিপরীত। হত্যার হুমকি দাতা, দুর্নীতিবাজ ব্যক্তি ও সাবেক অষ্টম শ্রেণি পাস প্রধানমন্ত্রীর উপযুক্ত রাজনৈতিক ভাষায় তারা চর্চা করছে বলে আমরা মনে করি।তাদের কারা হামলা করেছে এ বিষয়ে আমরা জানি না।
