বাংলাদেশ কোনো দিন শ্রীলঙ্কা-আফগানিস্তান-পাকিস্তান হবে না: হানিফ

আপডেট : ২৩ মে ২০২২, ০৩:১৯ পিএম

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপি জামায়েত দেশ বিরোধী রাজনৈতিক অপশক্তি। বিএনপির সৃষ্টি পাকিস্তানের গোয়েন্দা সংস্থার আশীর্বাদে। উন্নয়ন নয়, ধ্বংসাত্মক কর্মকাণ্ডই তাদের প্রধান কাজ।

প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানসকন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ৪২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)  আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি- জামায়েত বাংলাদেশকে বর্তমান শ্রীলঙ্কার অবস্থায় দেখতে চায়। কিন্তু বাংলাদেশের অর্থনীতির ভিত্তি রেমিট্যান্স, গার্মেন্টস শিল্প ও কৃষিখাত। বর্তমানে এ তিনটি খাতে ভালো অবস্থানে আছে। বাংলাদেশের মানুষ প্রগতিশীল চিন্তা ধারার। তাই কখনো বাংলাদেশ বর্তমান শ্রীলঙ্কা-আফগানিস্তান-পাকিস্তান হবে না।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, জাতির পিতাকে হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিলো না। এটি ছিলো পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। যারা একাত্তরে পরাজিত হয়েছিলো এবং তাদের পশ্চিমা মিত্ররা একাত্তরের পরাজয়ের চরম প্রতিশোধ নেয়ার জন্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে স্বাধীনতার স্বপ্নকে হত্যা করার চেষ্টা হয়েছিলো।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরায় দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী লীগকে, জাতি হিসেবে বাঙ্গালীকে এবং দেশ হিসেবে বাংলাদেশকে নিয়ে গেছে এক ভিন্ন উচ্চতায়। তবে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। 

তিনি বলেন, আমাদেরকে মনে রাখতে হবে, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে, বাংলাদেশ নিরাপদ, বাংলাদেশ মানুষ নিরাপদ থাকবে। সে কারণেই উন্নয়নের ধারা অব্যাহত রাখা ও মুক্তিযুদ্ধের চেতনা রক্ষায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। 

মাননীয় উপাচার্য তার বক্তব্যে  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শতায়ু কামনা করেন এবং উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে ২০৪১ সাল পরেও যাতে তিনি সরকার পরিচালনার দায়িত্বে থাকেন সে আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ- উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. এ কে এম মোশাররাফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মাসুদা বেগম, নার্সিং ও মেডিক্যাল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মোঃ হাবিবুর রহমান দুলাল, গ্রন্থাগারিক অধ্যাপক ডা. হারিসুল হক প্রমুখ বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদারে সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত ডিনবৃন্দ, শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্স ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত