চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ হাজার পিচ ইয়াবাসহ দুই নারী ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুইছড়ির ফুটখালী ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- উখিয়ার ঠ্যাংখালী এলাকার আব্দুস সালামের স্ত্রী নুরানকিছ (৪০) ও মৃত কালু মিয়ার কন্যা লাকী (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীনের দিক নির্দেশনায় এসআই মোঃ আজিমুল হক সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যায় বাঁশখালীর দক্ষিণ সীমান্তবর্তী পুইছড়ির ফুটখালী ব্রিজের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় দুই নারীকে আটক করে তাদের কাছে থাকা ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসাবে পুইছড়িতে অভিযান পরিচালনা করে ৫ হাজার পিচ ইয়াবাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলাসহ আদালতে সোর্পদ করা হবে বলে তিনি জানান।
