‘মুজিব’ সিনেমার ট্রেলার নিয়ে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া বাংলাদেশি অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা বলেছেন, বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছা একজন দৃঢ় চরিত্রের নারী ছিলেন।
বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার চরিত্রে অভিনয় করছেন তিশা। সিনেমাটি নিয়ে বিশ্বখ্যাত ভ্যারাইটি কথা বলে অভিনেত্রী তিশার সঙ্গে।
তিশা বলেন, বঙ্গবন্ধুর কথা সবাই জানে, কিন্তু ফজিলাতুন্নেছা কথা অনেকেই জানে না।
ভ্যারাইটিকে তিনি বলেন, বলা হয়ে থাকে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারীর অবদান থাকে। ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুকে সমর্থন দিয়ে গেছেন, পরিবার সামলেছেন এবং স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দী হিসেবে জেলে ছিলেন তখন গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্তও দিতেন। তিনি একজন একজন দৃঢ় চরিত্রের নারী ছিলেন।
তিশা আরও বলেন, তিনি একটি অসাধারণ কাজ করেছেন। এই ছবির মাধ্যমে আমি মনে করি মানুষ ফজিলাতুন্নেছা, তার কাজ এবং ত্যাগ সম্পর্কে জানতে পারবে।
দেশের চলচ্চিত্র নিয়ে তিশা বলেন, বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ আছে কারণ আমাদের অনেক তরুণ পরিচালক আছেন যারা বিশেষ কিছু করার চেষ্টা করছেন।
কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’ সিনেমাটির ট্রেলার প্রদর্শিত হয়।
সেপ্টেম্বরে মুক্তির অপেক্ষায় থাকা শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক আরিফিন শুভ, শেখ হাসিনার একটি চরিত্রে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ও বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা। এছাড়া, শতাধিক অভিনেতা কাজ করছেন সিনেমাটিতে।
২০২১ সালের জানুয়ারির শেষ দিকে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে সিনেমাটির প্রথম ধাপের শুট শুরু হয়। সিনেমাটিতে সহযোগী পরিচালক হিসেবে কাজ করছেন দয়াল নিহালানি। চিত্রনাট্য লিখেছেন অতুল তিওয়ারি ও শামা জায়েদি। শিল্প নির্দেশনার দায়িত্বে রয়েছেন নিতীশ রায়। কস্টিউম ডিরেক্টর হিসেবে আছেন শ্যাম বেনেগালের মেয়ে পিয়া বেনেগাল।
