মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ কর্মকর্তাদের বিরুদ্ধে

আপডেট : ২৪ মে ২০২২, ১১:৪৫ পিএম

কুড়িগ্রামে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, ভয়ভীতি প্রদর্শন, নির্যাতন ও অর্থ লুটসহ হয়রানি বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার। সংবাদ সম্মেলনে তাদের বিরুদ্ধে মাদক দিয়ে ফাঁসানোর হুমকির অভিযোগ তুলেছে পরিবারটি।

গতকাল মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম প্রেস ক্লাবে পরিবারের সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করেন জেলার রাজারহাট উপজেলা সদরের মেকুরটারী দালালী পাড়া গ্রামের প্রয়াত কাশেম আলীর ছেলে জিয়াউর রহমান।

সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের ছেলে সাজ্জাদ হোসেন লিখিত বক্তব্য পড়েন।

সংবাদ সম্মেলনে বলা হয়, জিয়াউর রহমান এক সময় মাদক ব্যবসায় জড়িত ছিলেন। এনিয়ে একাধিক মামলায় জেল খেটেছেন তিনি। এখন তিনি মাদকের পথ থেকে সরে ধান চাষ ও মৎস্য চাষ করে উপার্জনের পথ বেছে নিয়েছেন। কিন্তু জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের কর্মকর্তারা তাকে সুস্থভাবে বেঁচে থাকার সুযোগ দিচ্ছেন না। তারা বিভিন্ন মোবাইল ফোন থেকে ফোন করে টাকা দাবি করে আসছেন। নাহলে মাদক দিয়ে মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছেন।

গত সোমবার সকালে ফোন করে ২০ হাজার টাকা দাবি করলে টাকা দিতে অস্বীকৃতি জানান জিয়াউর রহমান। পরে সকাল সাড়ে ৮টার দিকে ২ নারীসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর ১০ সদস্য সবাইকে বাড়ি থেকে বের করে দিয়ে ঘরে ঢুকে বিছানার নিচে মাদক রেখে অপদস্ত করার চেষ্টা করে। এসময় তার বিছানার নিচে রাখা ২০ হাজার টাকা নিয়ে যায়। সংবাদ সম্মেলনে জিয়াউর রহমানের মা, স্ত্রী ও ছেলে উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবু জাফর বলেন, গত সোমবার সকালে পুলিশসহ ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। সেখানে ভিডিও ডকুমেন্ট করা হয়েছে। জিয়াউর একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। নিজেকে আড়াল করতে সে এই ধরনের অপচেষ্টা করতে পারে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য আমজাদ হোসেন ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছা. রোকেয়া বেগম বলেন, জিয়াউর সুস্থ জীবনে ফিরে আসতে চেষ্টা করছে।  সে খাল-বিল লিজ নিয়ে মৎস্য চাষ করছে। জমি বর্গা নিয়ে চাষাবাদ করছে। তাকে ভালো হওয়ার সুযোগ করে দেওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত