জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ এর পর এ বছরও ঢাকা জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (বিদ্যালয়) নির্বাচিত হয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলার অন্যতম বিদ্যাপীঠ কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয়।
ঢাকা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল মজিদের স্বাক্ষরিত চিঠির বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহ্ আলম।
এর আগে ২০১৬, ২০১৭, ২০১৯ এবং ২০২২ সালে নবাবগঞ্জ উপজেলার মধ্যেও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের মুকুট অর্জন করেন বিদ্যালয়টি।
জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, শিক্ষার মান, পরিবেশ, খেলাধুলা, সাংস্কৃতিক, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন পর্যায়ে জেলার ৫টি উপজেলা থেকে শ্রেষ্ঠ ৫টি মাধ্যমিক বিদ্যালয় এ বছর শিক্ষা সপ্তাহে অংশগ্রহণ করেন। এর মধ্যে কলাকোপা কোকিল প্যারী উচ্চ বিদ্যালয় ঢাকা জেলার মধ্যে শ্রেষ্ঠ হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত হওয়া প্রতিষ্ঠানটি লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতা, বিজ্ঞান মেলাসহ বিভিন্ন কার্যক্রমে জেলা ও বিভাগীয় পর্যায়ে সাফল্য পেয়েছে।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. শাহ্ আলম বলেন, আমাদের সব শিক্ষক খুবই আন্তরিকতা নিয়ে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে থাকেন এবং শিক্ষার্থীরাও শিক্ষকদের কথামতো শিক্ষাগ্রহণ করে থাকেন। ফলে আমাদের বিদ্যালয়ের লেখাপড়ার মান ভালো। অদূর ভবিষ্যতে এ সুনাম ধরে রাখতে শিক্ষক ও শিক্ষার্থীরা একসঙ্গে পরিশ্রম করব।
আরও বলেন, শিক্ষক, পরিচালনা পর্ষদের পাশাপাশি এলাকাবাসীর ঐকান্তিক প্রচেষ্টায় সুন্দর দিকনির্দেশনা কারণে ভালো শিক্ষার পরিবেশ সৃষ্টি হয়েছে। ঢাকা জেলার স্কুল পর্যায় দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠ হওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
পরিচালনা পর্ষদের সভাপতি আদনান খন্দকার বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এ অর্জন। বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। এ ধারা আমাদের অব্যাহত রাখতে যেকোনো প্রচেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
