ফরিদপুর পলিটেকনিক্যাল কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। ব্যাপক নির্যাতনের ফলে গোপাল রায় রাজেশ (১৯) নামে প্রথম বর্ষের ওই শিক্ষার্থী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রয়েছেন। রাজেস গোপালগঞ্জ জেলার নারিকেলবাড়ি গ্রামের প্রণয় রায়ের ছেলে। পরিবারের অভিযোগ, তাকে র্যাগিংয়ের নামে নির্যাতন করা হয়েছে। তবে কলেজ কর্তৃপক্ষ প্রাথমিকভাবে গাছ থেকে পড়ে ওই শিক্ষার্থী আহত হয়েছে বলে জানালেও পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনার পরদিন পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
গত ২৩ মে রাতে রাজেশকে কলেজ হোস্টেল থেকে গুরুতর আহত অবস্থায় সহপাঠীরা উদ্ধার করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢামেকে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ফরিদপুরের কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
রাজেশে বাবা প্রণয় রায় অভিযোগে উল্লেখ করেন, তার ছেলের মাথায়, হাতে, কানের পাশে আঘাতে চিহ্ন রয়েছে। এছাড়া হাতের কবজি ভেঙে দেওয়া হয়েছে।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আলী শেখ গতকাল বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি ছেলেটি ক্যাম্পাসের একটি আমগাছ থেকে পড়ে গিয়ে আহত হয়েছে। তবে পরিবারের অভিযোগ পাওয়ার পর আমরা বিষয়টি সঠিক তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি টিম করে দিয়েছি। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
তবে প্রণয় রায় এ প্রতিবেদকের কাছে অভিযোগ করেন, ‘র্যাগিংয়ের নামে আমার ছেলেকে পরিকল্পিতভাবে পেটানো হয়েছে। না হলে গাছ থেকে পড়ে এমন গুরুতর আহত কোনোভাবেই হওয়া সম্ভব নয়।’
এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ওসি এমএ জলিল বলেন, ‘অভিযোগ পাওয়ার পর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিয়ে পুলিশের তদন্ত চলছে।’
