রাজধানীর গে-ারিয়ার নারিন্দা এলাকায় কবুতর ধরতে গিয়ে পাঁচতলা ভবন থেকে পড়ে মো. হিমু শেখ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। পরে রাত ১১টার দিকে হাসপাতালের ১০৩ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত হিমুর বাবা নাদিম শেখ দেশ রূপান্তরকে বলেন, এলাকায় এক ব্যক্তি বাসার পাঁচতলায় কবুতর পালন করেন। তার সঙ্গেই আমার ছেলে কবুতর দেখাশোনা করত। সন্ধ্যার দিকে ওই পাঁচতলায় কবুতর ধরতে গিয়ে হিমু নিচে পড়ে যায়। রাতে তার মৃত্যু হয়। তিনি আরও জানান, তারা গেন্ডারিয়ার নারিন্দা এলাকার ৩৬ নম্বর বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
