‘উন্নয়ন কর্মকান্ডের জন্য বালু দরকার। কিন্তু অপরিকল্পিতভাবে কোনো বালু উত্তোলন নয়। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন প্রতি বছর এক জায়গায় বালুমহাল হবে না। সেখানে নীতিমালা অনুসরণ করতে হবে। তা না হলে সেখানে ফোর্স অ্যাপ্লাই করা হবে। কোনো অবস্থায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করতে দেওয়া হবে না।’
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী গতকাল শনিবার চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে নৌ নিরাপত্তা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে এসব কথা বলেন।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এ জেড এম জালাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল।
