পুকুরে সাঁতার কাটার সময় হার্টঅ্যাটাক, মারা গেলেন এসআই

আপডেট : ২৯ মে ২০২২, ০৩:১৪ পিএম

পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় হার্ট অ্যাটাক করে সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) রশেদুল ইসলামের (৪০) মৃত্যু হয়েছে। 

আজ রবিবার (২৯ মে) সকালে কলারোয়া থানা পুকুরে গোসল করতে গিয়ে তার হার্টঅ্যাটাক হয়। রশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।  

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে এসআই রশেদুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কলারোয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন লিডার মোঃ ওবায়দুল্লাহ জানান, পুকুরে গোসল করতে নেমে এসআই রশেদুল ইসলাম হঠাৎ ডুবে যান। এমন খবর শুনে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

ওসি নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম গত দেড়মাস আগে কলারোয়া থানায় পুলিশের সাব ইন্সপেক্টর পদে যোগদান করেছেন। তার পরিবারে স্ত্রী দুই মেয়ে এক ছেলে আছে। প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ও কার্যালয় প্রাঙ্গণে সাতক্ষীরায় প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হবে। পরে মৃতদেহটি তার পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত