টাঙ্গাইলের বাসাইলে ৯ বছরের তৃষাকে গলায় ওড়না জড়ানো অবস্থায় ঘরের সিলিং ফ্যান থেকে উদ্ধার হয়। হাসপাতালে নেওয়ার দুই দিন পর চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে উপজেলার ভাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে শনিবার (২৮ মে) রাতে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।
এ ঘটনায় রবিবার বাসাইল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
তৃষা উপজেলার ভাটপাড়া গ্রামের আবু ভূঁইয়ার ছোট মেয়ে। সে বাসাইল শহীদ ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, ২৬ মে বিকেল ৫টায় তৃষার মা বড় ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়িতে এসে দেখতে পান তৃষা ঘরের সিলিং ফ্যানে গলায় ওড়না বাধা অবস্থায় ফাঁসিতে ঝুলে আছে। বাঁচার জন্য ছটফট করছে।
মা ও ভাই মিলে তৃষাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে দ্রুত বাসাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন কর্মরত চিকিৎসকেরা। এরপর উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে টানা দুইদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার রাতে তৃষার মৃত্যু হয়।
পরিবার জানিয়েছেন, তৃষার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনের পর পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবি জানান তারা।
বাসাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, তৃষার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের রিপোর্ট পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
