ছাত্রলীগ নেতাকর্মীদের মারধর: টেকনাফ ছাত্রদল নেতা লিখলেন ‘কেউ রেহাই পাবি না’

আপডেট : ২৯ মে ২০২২, ০৭:৫৭ পিএম

কক্সবাজারের টেকনাফে ছাত্রলীগের তিন নেতাকর্মীকে মেরে আহত করেছে ছাত্রদল। হামলার পর স্থানীয় ছাত্রদল সভাপতি ফেসবুকে হুমকিমূলক পোস্টও দেন। এ ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ করেছে ছাত্রলীগসহ অন্যরা।  

ছাত্রদলের হামলায় ছাত্রলীগের আতাউর রহমান ওয়াসিম নামে এক নেতা গুরুতর আহত হয়েছেন। এ সময় আরো দুজন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতদের দ্রুত উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহত ওয়াসিম উপজেলা হোয়াইক্যং ইউপির উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদের দায়িত্বে রয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে হোয়াইক্যং স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ‘রবিবার বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা হোয়াইক্যং স্টেশনে বিক্ষোভ মিছিল করে। মিছিলের কিছুক্ষণ পরে ফিরে এসে হঠাৎ হোয়াইক্যং স্টেশনে দাঁড়িয়ে থাকা ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে ওই ইউনিয়নের উত্তর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিমসহ ছাত্রলীগের কয়েকজন নেতকর্মী গুরুত আহত হন। পরে তাদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে নেয়া হয়’।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তারেক মাহমুদ রনি জানান, হঠাৎ ছাত্রদলের সন্ত্রাসীরা চোরাগোপ্তা হামলা করেছে ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর। এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।

কক্সবাজার জেলা ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে।

হামলার পরে হোয়াইক্যং স্টেশনে দ্রুত প্রতিবাদ সভা করেন ছাত্রলীগ, যুবলীগ ও আওমী লীগের নেতাকর্মীরা।

প্রতিবাদ সভায় হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক বক্তব্যে বলেন, আমাদের এলাকায় যারা রাজনীতির নামে প্রতিহিংসামূলক অপরাজনীতি করে শান্ত পরিবেশকে অশান্ত করার চেষ্টা করবে  তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে।

ঘটনার পর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন পাশা ফেসবুকে লেখন, ‘... বাচ্চারা কেউ রেহাই পাবি না, খেলা মাত্র শুরু করলাম’।

তবে তাকে ফোন করা হলে তিনি তা রিসিভ করেননি।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, অভিযোগ দেয়নি কেউ, তবে শোনামাত্র ঘটনাস্থলে পুলিশ গেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে এবং অভিযান চলবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত