ছাত্রীর অশ্লীল ছবি ছড়ানোর দায়ে ৩ যুবকের কারাদন্ড

আপডেট : ২৯ মে ২০২২, ১১:২৪ পিএম

বগুড়ার এক কলেজছাত্রীর অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়ানোর দায়ে তিন যুবকের ৬ বছর করে কারাদ- দিয়েছে রাজশাহীর আদালত। গতকাল রবিবার সকালে রাজশাহীর সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এই আদেশ দেন। আসামিদের ৮ লাখ টাকা জরিমানাও করা হয়। রাজশাহী সাইবার আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন, শুভাশীষ রায় কনক, শিহাবুর রহমান ও আরিফুল ইসলাম। তাদের সবার বাড়ি বগুড়ায়। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আইনজীবী ইসমত আরা জানান, ২০১৯ সালের ৩ আগস্ট বগুড়ার একাদশ শ্রেণির এক ছাত্রীর হোয়াটসঅ্যাপে তার এডিট করা অশ্লীল ছবি পাঠানো হয়। তখন মেয়েটিকে দেখা করতে বলা হয় এবং অশ্লীল প্রস্তাব দেওয়া হয়। পরে মেয়েটির কাছে ২০ হাজার টাকা দাবি করা হয়। টাকা না দিলে অশ্লীল ছবি ভাইরাল করা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে এসব আপত্তিকর ছবি ছাড়া হয় সামাজিক মাধ্যমে। এ ঘটনায় মেয়েটির বাবা ঐ বছরের ১৩ অক্টোবর ডিজিটাল নিরাপত্তা আইনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত