সাতক্ষীরায় ৪৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ

আপডেট : ৩০ মে ২০২২, ০১:০৭ পিএম

সাতক্ষীরায় শতাধিক ক্লিনিকে অভিযান চালিয়ে রবিবার রাত পর্যন্ত ৪৫টি বন্ধ করে দেওয়া হয়েছে। এ সময় নিবন্ধন না থাকাসহ বিভিন্ন অভিযোগে ৭৪ হাজার টাকা জরিমানা করা হয়।

৪৫টির মধ্যে শুধু সাতক্ষীরা শহরেই বন্ধ করা হয়েছে ১০ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজিব তালুকদার ও ডা. জয়ন্ত সরকার এই অভিযান পরিচালনা করেন।

এ ছাড়া শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. জিয়াউর রহমান জানান, ২৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৭টি ক্লিনিক ও ৩টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. আব্দুল লতিফ জানান, দেবহাটায় ৭টা ক্লিনিক ও ৩টি ডায়াগনস্টিক সেন্টারের সবগুলোই বন্ধ করা হয়েছে।

অন্যান্য উপজেলায় অভিযান অব্যাহত আছে বলে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

আশাশুনিতে ডা. মিজানুল হক জানান, তিনি বেশ কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে কর্তৃপক্ষকে সতর্ক করেছেন।

কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান জানান, ১৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ২টিতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ৩টি ক্লিনিকের মালিক পক্ষ পালিয়ে যায়। ৬টি ক্লিনিক ও ৯টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে।

এ ছাড়া কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. মাহাবুবর রহমান জানান, ৪টি ক্লিনিক বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, জেলায় স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, ২৪০টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এর মধ্যে মাত্র ২টি ক্লিনিক ও ৫টি ডায়াগনস্টিক সেন্টারের চলতি বছর পর্যন্ত নিবন্ধন নবায়ন আছে। বাকিগুলো চলছে অবৈধভাবে। ফলে জেলায় চিকিৎসা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত