একই স্থানে যুবদল-ছাত্রলীগ সভা আহ্বান করায় ১৪৪ ধারা

আপডেট : ৩০ মে ২০২২, ০৩:৪২ পিএম

একই স্থানে যুবদল-ছাত্রলীগ সভা আহ্বান করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাঁও মাঠ ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

সোমবার রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।

আজ সকালে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান এই আদেশ জারি করেন।

আদেশে উল্লেখ করা হয়, আজ সোমবার বিকেল ৩টায় উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানারহাট ঈদগাঁও মাঠে স্থানীয় যুবদল দ্বি-বার্ষিক সম্মেলন আহ্বান করে।

একই স্থানে একই সময়ে স্থানীয় ছাত্রলীগ প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ সভার ঘোষণা দেয়।

এই স্থানে দুটি দলের সভা আহ্বানে সংঘাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।

জেলা যুবদলের সভাপতি চৌধুরী মাহেবুল্লাহ আবু নুর বলেন, যুবদলের তৃণমূল পর্যায়ে সম্মেলনের অংশ হিসেবে আজ বিকেলে বেগুনবাড়ি ইউনিয়ন যুবদলের সম্মেলন হওয়ার কথা ছিল।

প্রশাসনের কাছে সম্মেলন করার অনুমতি নেয়া হয়েছে। কিন্তু যুবদলের সম্মেলন পণ্ড করতে ছাত্রলীগ একই স্থানে সভা করার ঘোষণা দেয় বলে অভিযোগ করেন তিনি।

বেগুনবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক তুষার হোসেন বলেন, ছাত্রলীগের কর্মসুচি যেন সফল না হয়, তারই ষড়যন্ত্রের অংশ হিসেবে যুবদলই আমাদের সমাবেশস্থলে সম্মেলন আহ্বান করেছে।’

ঠাকুরগাঁও সদর থানার ওসি তানভিরুল ইসলাম বলেন, দানারহাট ঈদগাহ মাঠের আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামান বলেন, দানারহাট এলাকায় সোমবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি বিবেচনা করে এই আদেশ বাড়তে বা প্রত্যাহার হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত