বিনা টিকিটে ভ্রমণ: গুলি করে টিটিইর খুলি ওড়ানোর হুমকি পুলিশ কর্মকর্তার!

আপডেট : ০১ জুন ২০২২, ০৭:২২ পিএম

পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের এক সহকারী উপপরিদর্শকের (এএসআই) বিরুদ্ধে ট্রেনের টিকিট পরীক্ষককে (টিটিই) গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুর ২টা ৪৫ মিনিটে খুলনা থেকে ঢাকাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনে এ ঘটনা ঘটে বলে অভিযোগ।

এর প্রকৃত কারণ খুঁজে বের করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ। এতে সহকারী নির্বাহী প্রকৌশলী (এইএন) শিপন আলীকে আহ্বায়ক এবং পাকশী রেলওয়ে সার্কেল সহকারী পুলিশ সুপার আমিন-উল-ইসলাম ও সহকারী পরিবহন কর্মকর্তা (এটিও) এ কে এম নুরুল আলমকে সদস্য করা হয়।

বুধবার দুপুরে পাকশী বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে চিত্রা এক্সপ্রেস ট্রেনে দায়িত্ব পালন শুরু করেন টিটিই আব্দুল আলীম মিঠু। দুপুর ২টা ৪৫ মিনিটে বড়াল ব্রিজ-জামতৈল স্টেশনের মাঝামাঝি যাত্রাপথে ট্রেনের গার্ড ইকবাল মাহমুদকে সঙ্গে নিয়ে যাত্রীদের টিকিট পরীক্ষা করছিলেন তিনি। সে সময় তিনি এক বগিতে বসে থাকা আট যাত্রীর কাছে টিকিট আছে কিনা জানতে চান। এ সময় পুলিশের এএসআই রোমেন মিয়াসহ ওই ট্রেনের দায়িত্বরত পুলিশ সদস্যরা এসব যাত্রীকে নিজেদের লোক দাবি করেন। একই সঙ্গে টিকিট কাটতে বাধা দেন। এরপর টিটিই মিঠু তাদের টিকিট কাটতে বললে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে এএসআই রোমেন উত্তেজিত হয়ে টিটিই আব্দুল আলীম মিঠুকে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গ্রেপ্তারর জন্য  হ্যান্ডকাপ পরানোর চেষ্টা করেন।

টিটিই আব্দুল আলীম মিঠু বলেন, বিনা টিকিটের আট যাত্রীকে জরিমানা করতে গেলে এএসআই রোমেন আমাকে গুলি করার হুমকি দেন এবং গ্রেপ্তারের চেষ্টা করেন।

অভিযুক্ত সহকারী উপপরিদর্শক (এএসআই) রোমেন মিয়া বলেন, ট্রেনে গার্ড ও টিটিই আমাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এ বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। গুলি করার কথাটি সঠিক নয়। তবে তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়েছে।

বুধবার ঈশ্বরদী রেলওয়ে থানার ওসি গোপাল কর্মকার বলেন, গুলি করতে চাওয়ার বিষয়টি আমি নিশ্চিত নই। তবে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছে শুনেছি। দু’পক্ষকেই থানায় ডেকেছি। আশা করি বিষয়টি নিষ্পত্তি হয়ে যাবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডি আর এম) শাহীদুল ইসলাম জানান, আমাদের টিটিই অত্যন্ত দায়িত্বশীল এবং কর্তব্যপরায়ণ। তিনি ওই ট্রেনের আট বিনা টিকিটের যাত্রীকে জরিমানা করতে গেলে ওই ট্রেনের দায়িত্বরত এএসআই তাকে গুলি করার হুমকি দিয়েছেন বলে জানতে পেরেছি। প্রকৃত ঘটনা জানতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত