এক পায়ে ২ কিলোমিটার পাড়ি দিয়ে স্কুলে যান পারভেজ

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:২৮ পিএম

বাড়ি থেকে স্কুলের দূরত্ব হাঁটা পথে ২ কিলোমিটার। তবে পাহাড়ি রাস্তায় সেই পথ এক পায়ে পেরিয়ে আসেন পারভেজ। প্রতিদিন চার কিলোমিটার পথ এক পায়ে দৌড়াতে দৌড়াতে তিনি স্কুলে পৌঁছান।

জম্মু-কাশ্মীরের হান্দওয়াড়ার স্কুলের এই ছাত্রের ছবি ইতিমধ্যে ভাইরাল।

ছোটবলোয় একটি দুর্ঘটনায় বাঁ পা হারিয়েছিলেন পারভেজ। এখন হান্দওয়াড়ার একটি সরকারি স্কুলে নবম শ্রেণির ছাত্র তিনি।

পড়াশোনায় দারুণ আগ্রহী ১৪ বছরের পারভেজ চান একটি কৃত্রিম পা। যাতে স্কুল যেতে সুবিধা হয় তার।

সংবাদ সংস্থা এএনআই-কে তিনি বলেন, ‘এক পায়ে প্রায় দু’কিলোমিটার রাস্তা পার করি আমি। কিন্তু রাস্তা ভালো না। যদি একটা কৃত্রিম পা পেতাম, স্বাভাবিকভাবে হাঁটতে পারতাম। জীবনে বড় কিছু করার স্বপ্ন দেখি।’

একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে একটি হুইল চেয়ার পেয়েছেন পারভেজ। কিন্তু পাহাড়ি রাস্তায় সেই হুইল চেয়ারে যাওয়া অসম্ভব। তাই সেটি কোনও কাজেই লাগে না তার।

২ কিলোমিটার রাস্তা এক পায়ে প্রায় ছুটতে ছুটতে যাওয়া-আসা করতে শরীরের কষ্ট হয়। স্কুলে পৌঁছতেই ঘামে ভিজে যায় ইউনিফর্ম। ক্রিকেট, ভলিবল এবং কবাডি খেলতে ভালোবাসেন পারভেজ। কিন্তু সেটা আর এই এক পায়ে হয়ে ওঠে না।

পারভেজের বাবাও জানান, ছেলের জন্য সরকারি সাহায্য চেয়েছেন তিনি। তার কথায়, ‘আমার চেয়ে পরিশ্রমী। জীবনে ভালো কিছু করতে চায় ও।’

এই ভিডিও ছড়িয়ে পড়ার পর পারভেজকে সাহায্য করতে এগিয়ে এসেছে বেশ কিছু সংগঠন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত