বান্দরবান লামার দুর্গম পাহাড়ি উথাই ঝিরিতে এক স্কুলছাত্রীকে (১৬) হাত-পা বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার সকালে শাহ আলী (২৪) ও আল আমীন (২৫) নামে দুই বখাটের বিরুদ্ধে থানায় মামলা করেছেন স্কুলছাত্রীর বাবা।
মামলা সূত্রে জানা যায়, রূপসী পাড়া ইউনিয়নে ওই ছাত্রীর বাবার একটি চায়ের দোকান রয়েছে। এর পেছনে ভাড়া বাসায় বাস করেন তারা। দোকান থেকে এক কিলোমিটার দূরে তাদের নিজ বাড়ি। গত শুক্রবার বেলা ১১টার দিকে মুষলধারে বৃষ্টি হলে স্কুলছাত্রী ভাড়া বাসায় আটকা পড়ে। এ সময় মো. শাহ আলী ও আল আমীন ঘরে ঢুকে তার মেয়ের হাত-পা বেঁধে ধর্ষণ করে পালিয়ে যায়। লামা থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, স্কুলছাত্রীকে ডাক্তারি পরীক্ষা করার জন্য বান্দরবান সদর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। ওই দুই যুবককে ধরতে অভিযান চলছে।
বরিশালে মাদ্রাসাছাত্রীকে দলবব্ধ ধর্ষণ : বরিশালে নবম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর দেড়টার দিকে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিষারদ এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তাররা হলো অটোচালক মো. নাঈম (১৮) এবং তার বন্ধু মো. মামুন (১৮)।
বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে মাদ্রাসার নবম শ্রেণির ছাত্রী (১৫) সাহেবেরহাট থেকে অটোরিকশায় লাহারহাট যাচ্ছিল। অটোরিকশায় ওই ছাত্রী একাই ছিল। পথিমধ্যে মূল রাস্তায় কাজ চলছেÑ এমন অজুহাত তুলে অটোচালক নাঈম একটি শাখা রাস্তা দিয়ে যেতে থাকে। এরপর বিষারদ এলাকায় একটি বাগানের সামনে অটোরিকশার পর্দা ফেলে ধর্ষণ করে। পরে নাঈমের বন্ধু মামুন আরেক স্থানে নিয়ে ধর্ষণ করে।
