সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় রাষ্ট্রপতির শোক

আপডেট : ০৫ জুন ২০২২, ০৫:১৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

রবিবার রাষ্ট্রপ্রধান এক শোকবার্তায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাষ্ট্রপতি হামিদ দুর্ঘটনায় আহতদের আশু আরোগ্য কামনা করেন।

উল্লেখ্য, শনিবার রাত সাড়ে ১০টার দিকে সীতাকুন্ডস্থ বিএম কন্টেইনার ডিপোতে একটি কেমিক্যাল-ভর্তি কন্টেইনার থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।

আগুন লাগার সাড়ে ১৪ ঘণ্টা পার হলেও এখনো সেটি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট। ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনীর আড়াই শ সদস্য কন্টেইনার ডিপোটিতে অগ্নিনির্বাপণে তাদের মিশন শুরু করেছেন।

ওই অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। রবিবার দুপুর সোয়া ২টা পর্যন্ত ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও দুই শতাধিক। তাদের মধ্যে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীও রয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত