সরকারি চাকরি পেয়ে ছেড়ে চলে যাবে এমন সন্দেহ ছিল। তাই আক্রোশে স্ত্রীর হাতই কেটে দিলেন স্বামী। ভারতের বর্ধমানের কেতুগ্রামে শনিবার রাতে এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
অভিযোগ, কেতুগ্রামের কোজলসার বাসিন্দা শেখ মোহাম্মদ শনিবার রাতে তার স্ত্রী রেণু খাতুনের ডান হাত কবজি থেকে কেটে নেন। সম্প্রতি নার্সের চাকরি পেয়েছিলেন রেণু।
অভিযোগ উঠেছে, চাকরি পাওয়ার পর রেণু তাকে ছেড়ে চলে যেতে পারেন, এই আশঙ্কায় শেখ মোহাম্মদ তার স্ত্রীর হাত কেটে নিয়েছেন।
বিষয়টি নিয়ে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রেণুর পরিবার।পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
জানা গেছে, রেণু ছোটবেলা থেকেই মেধাবী। তার স্বপ্ন ছিল নার্স হওয়ার। সম্প্রতি তিনি নার্সের চাকরিও পান। এরপরেই শেখ মোহাম্মদের কয়েক জন বন্ধু তাকে বোঝান, চাকরি পেলে রেণুর সঙ্গে তার বিচ্ছেদ হতে পারে।
বন্ধুদের সঙ্গে মোহাম্মদ পরিকল্পনা করেন রেণুর হাত কেটে নেওয়ার। শনিবার রাতে রেণু যখন ঘুমাচ্ছিলেন, তখন মুখে বালিশ চাপা দিয়ে তার ডান হাত কবজি থেকে কেটে ফেলা হয়। এরপর রেণুকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সে সময় মোহাম্মদ রেণুর ডান হাতের কাটা অংশটি লুকিয়ে রাখেন বলেও অভিযোগ।
ঘটনার পর শেখ মোহাম্মদ এবং তার পরিবারের সবাই চম্পট দিয়েছেন। বাড়িতেও তালা ঝোলানো। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বর্তমানে রেণু দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।
