ইচ্ছেকৃতভাবে শচীনকে আঘাত করতে চেয়েছিলেন শোয়েব আখতার

আপডেট : ০৬ জুন ২০২২, ০২:৪৯ পিএম

ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটারদের তালিকার একেবারে ওপর সারিতে থাকবেন শচীন টেন্ডুলকার। খেলোয়াড়ি জীবনে এমন কোনো বোলার ছিলেন না, তার হাতে নাকানি-চুবানি খাননি।

শচীনের ব্যাটকে থামাতে কতজনে কত কৌশল-ছক এঁকেছিলেন তার ইয়ত্তা নেই। মাঠের লড়াইয়ের যেসব গল্প এখনো ক্রিকেট প্রেমীদের মুখে মুখে ফেরে তার একটি শচীন-শোয়েব আখতার লড়াই। একদিকে গতির ঝড় তো অন্য প্রান্তে উইলোর দৃঢ় প্রতিরোধ।

শচীনকে কাবু করতে কত কী করতে হয়েছে শোয়েবকে! গোলার মতো একের পর এক বাউন্সার ছুড়েছেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’। ভারতীয় ব্যাটারকে থামাতে এক কূট-কৌশলও নিয়েছিলেন শোয়েব।

সম্প্রতি সাবেক পাকিস্তানি পেসার এক খোশগল্পে জানান, ২০০৬ সালে পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। সেই সিরিজে ইচ্ছাকৃতভাবে তিনি শচীনকে আঘাত করতে চেয়েছিলেন।  

স্পোর্টসকীড়ার সঙ্গে আলোচনায় আখতার বলেন, ‘আমি ইচ্ছাকৃতভাবে শচীনকে ওই ম্যাচে (করাচি টেস্ট, ২০০৬) আঘাত করতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম যেকোনো মূল্যে শচীনকে চোটে ফেলতে’।

তবে এত তার কৌশলও আটকাতে পারেনি শচীনকে। সেই স্বীকাররোক্তি শোয়েবের, ‘ইনজামাম বলেছিল উইকেটের সামনে বল করতে। কিন্তু আমি শচীনকে আঘাত করতে চাইছিলাম। তাই, আমি তার হেলমেটে আঘাত করি। ভেবেছিলাম, সে গেছে, সে মরবে। কিন্তু যখন আমি ভিডিওতে দেখি, দেখলাম শচীন সেই তার মাথা বাঁচিয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত